২০০৮-এর কথা। গ্যারেট ক্যাম্প আর ট্রাভিস কালানিক নামের দুই বন্ধু ফ্রান্সের প্যারিস শহরে এক কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। রাতের বেলা কনফারেন্স শেষ করে বহু চেষ্টা করেও একটা ট্যাক্সি খুঁজে পাননি। দুই বন্ধু বুঝলেন, প্রয়োজনের সময় ট্যাক্সি খুঁজে পাওয়াটা একটা বৈশ্বিক সমস্যা। এ উপলব্ধি থেকেই বছরখানেকের মধ্যেই উবার-ক্যাব নামে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করলেন স্বপ্নবাজ তরুণ ক্যাম্প, ২০১০ সালে তিনটি গাড়ি দিয়ে সানফ্রান্সিসকো শহরে যাত্রা শুরু করল উবার। অসাধারণ ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপ দিয়ে ট্যাক্সি ডাকার গোটা ব্যাপারটাকে জলভাত বানিয়ে ফেললেন ক্যাম্প। মাত্র তিনটি গাড়ি দিয়ে যাত্রা শুরু করা সেই কোম্পানির বর্তমান বার্ষিক আয় ৫২ হাজার কোটি টাকা, সারা বিশ্বের ৬৩৩টি শহরে সার্ভিস দিচ্ছে তারা, কর্মীর সংখ্যা ১২ হাজার। এখনও চল্লিশ পেরোননি ক্যাম্প, এরই মধ্যে সাড়ে ছয়শো কোটি ডলারের মালিক! টাকা বা নাম-যশ বড় কথা নয়, নাগরিক জীবনের বিশাল এক সমস্যার অসাধারণ সমাধানের মাধ্যমে ব্যতিক্রমী এক ‘ভিশনারি’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্যাম্প। এটুকু বয়সেই স্টাম্বলআপন আর উবার-এর মত শিখরস্পর্শী দুটো প্রতিষ্ঠানের জন্ম দিয়েছেন। মোবাইল ফোনে দু-একবার আঙ্গুল ঘষাঘষি করে যখন ঝকঝকে চকচকে একটা গাড়িকে বাসার সামনে নিয়ে আসি এবং নির্ঝঞ্ঝাটে, দারুণ সাশ্রয়ী মূল্যে গন্তব্যে পৌঁছে যাই, তখন মনে পড়ে বছর দশেক আগে গোমড়া মুখে প্যারিসের রাস্তায় দাঁড়িয়ে থাকা ক্যাম্প আর কালানিককে – ভাগ্যিস সে রাতে তাঁরা ট্যাক্সি পাননি। পেয়ে গেলে আমাদের মত মানুষের যে কী হত!
লেখকঃ মোস্তাক শরীফ অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ফেসবুক পোস্ট থেকে নেয়া)
2014 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team